আগামী ২২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশকে ব্রিটেনের লাল তালিকা থেকে সরানো হচ্ছে। বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলো হল- তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, কেনিয়া এবং ওমান। আজ যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শ্যাপস এ ঘোষণা দিয়েছেন।
তিনি জানান, আগামী ৪ অক্টোবর থেকে যুক্তরাজ্যে ভ্রমণের বর্তমান ট্রাফিক লাইট সিস্টেম লাল, অ্যাম্বার ও সবুজ বাতিল করা হবে এবং এগুলোর পরিবর্তে শুধু লাল তালিকা থাকবে। এক্ষেত্রে লাল তালিকার বাইরে কোনো দেশের নাগরিকরা যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে কোনো বিধিনিষেধের আওতায় থাকবে না।
এছাড়া ৪ অক্টোবর থেকে ভ্রমণকারীদের প্রি-সিআর টেস্ট করতে হবেনা। অক্টোবরের শেষ থেকে লাল তালিকার বাইরের দেশ থেকে আগত টিকার ডোজ পূর্ণ করা যাত্রীদের পিসিআর টেস্টের ফি মওকুফ করা হবে। কিন্তু টিকা না দেওয়া যাত্রীদের পিসিআর টেস্টের সম্পূর্ণ ফি পরিশোধ করতে হবে। অন্যদিকে করোনা পজিটিভ রোগীদের আইসোলেশনে থাকতে হবে এবং বিনামূল্যে তাদের পিসিআর টেস্ট করা হবে। একই সাথে এইসব পিসিআর টেস্টে করোনার নতুন ধরন শনাক্তসহ ভাইরাসের জিনগত পরিবর্তন রেকর্ড করা হবে। এই নতুন ব্যবস্থায় আগামী বছর পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।






