১০ ঘণ্টা পর বিদ্যালয়ের টয়লেট থেকে বাক্‌প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে উদ্ধার

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বাক্‌প্রতিবন্ধী ওই ছাত্রী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। গতকাল বৃহস্পতিবার স্কুল ছুটির কিছুক্ষণ আগে সে টয়লেটে যায়। এর মধ্যে ছুটির ঘণ্টা বেজে উঠলে সব শিক্ষার্থী বাড়িতে চলে যায়। এরপর স্কুলের আয়া টয়লেটে তালা লাগিয়ে দেন। এতে সে টয়লেটে আটকে যায়।

পরে শিক্ষার্থী বাড়িতে না আসায় তার বাবা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে শুরু করেন। এমনকি সহপাঠীদের বাড়িতে গিয়ে তার মেয়ের কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন। এর মধ্যে তার মা–ও মেয়ের নিখোঁজের খবর পেয়ে কুমিল্লা থেকে চাঁদপুরে বাড়িতে চলে আসেন। এদিকে রাত ১০টায় আল আমিন নামের স্থানীয় এক ব্যক্তি স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় টয়লেটের ভেন্টিলেটরে কারও হাত দেখতে পান। তিনি বিষয়টি সবাইকে অবহিত করেন। পরে স্থানীয় এলাকাবাসী স্কুলে প্রবেশ করে টয়লেটের তালা ভেঙে মেয়েটিকে উদ্ধার করেন।