ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ তৃতীয় মৌসুম শেষ করল। তারপর দর্শকদের দাবি, আরেকটি মৌসুম তৈরি করতে হবে। ইউটিউবে নাটকের মন্তব্যের ঘরে এ দাবি জানাচ্ছেন ভক্তরা। এখনো চলছে সেই উন্মাদনা।
দর্শকের এমন ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে চতুর্থ মৌসুম তৈরির কথা ভাবছেন পরিচালক কাজল আরেফিন অমি। তিনি বলেন, ‘তৃতীয় সিজনেই নাটকটি শেষ করতে চেয়েছিলাম। কিন্তু দর্শকের দাবির পরিপ্রেক্ষিতে চতুর্থ সিজন তৈরি করতে হচ্ছে। দর্শকের এই দাবি আমার নির্মাণের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। সুতরাং তাঁদের প্রতি সম্মান রেখেই কাজটি করার কথা ভেবেছি।’ তবে তাঁর কথা, চতুর্থ মৌসুম অবশ্যই তৃতীয়টির চেয়ে ভালো করতে হবে। কারণ, একটি পর্বও খারাপ হলে দর্শকদের কাছে বিরূপ মন্তব্য শুনতে হবে। সেই ঝুঁকি তিনি নিতে চান না।






