সমুদ্র থেকে একই পরিবারের চার সদস্যের মৃ*ত

যুক্তরাজ্যের শোরহ্যাম উপকূলে সাগরে নেমে একই পরিবারের চার সদস্যের মা\রা যাওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। গত ১৮ আগস্ট সমুদ্র থেকে উদ্ধারের পর ৫৫ বছর বয়সী হুসাম এল-খাওয়াস, তার স্ত্রী জাইনা এবং ১৩ বছরের কন্যাকে মৃ*ত ঘোষণা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে তিন দিন পর প্রাণ হারায় তাদের ছয় বছর বয়সী ছোট কন্যা সাজা। মর্মান্তিক এই ঘটনার কারণ অনুসন্ধানে হোরশামে আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু করেছেন জ্যেষ্ঠ বিচারক।

আদালতের শুনানিতে জানানো হয়, উত্তর-পশ্চিম লন্ডনের বাসিন্দা হুসাম এল-খাওয়াস পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন এবং তার স্ত্রী জাইনা আলয়ান ছিলেন গৃহিণী। বাবা-মা লেবানিজ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হলেও তাদের দুই সন্তানের জন্ম হয়েছিল লন্ডনের কেনসিংটনে। লন্ডন থেকে পরিবারটি শোরহ্যামে বেড়াতে এসে স্থানীয় সময় দুপুর দুইটার দিকে সৈকতে সাগরে নেমে বিপদের মুখে পড়ে।

লাইফবোটের মাধ্যমে উদ্ধারের পরপরই পরিবারের তিনজনের মৃত্যু নিশ্চিত করা হলেও ছয় বছর বয়সী শিশু সাজাকে লন্ডনের এভলিনা চিলড্রেনস হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কে গুরুতর আঘাতের লক্ষণের সঙ্গে লড়াই করে তিন দিন পর সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যুর প্রাথমিক কোনো আনুষ্ঠানিক কারণ এখনো উল্লেখ করা হয়নি।

প্যালেস্টাইন ফোরাম ইন ব্রিটেনের সহায়তায় ২৩ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করে চারজনের মরদেহ লেবাননে পাঠানো হয়েছে এবং সেখানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। ভিসা জটিলতার কারণে লেবানন থেকে আত্মীয়রা যুক্তরাজ্যে আসতে না পারায় তাদের মরদেহ সেখানে পাঠানো হয় বলে জানান সংগঠনটির প্রতিনিধি মোহাম্মদ ফাদি। সাসেক্স পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনো অপরাধমূলক তৎপরতা ছিল না এবং তদন্ত শেষ হলে ২০২৭ সালের মার্চে ফের বিচারিক শুনানি অনুষ্ঠিত হবে।