বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনের কিছু গল্প নিয়ে তৈরি হয়েছে হিন্দি ছবি ‘সঞ্জু’। পরিচালক রাজকুমার হিরানী। গত শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। এখানে ‘সঞ্জু’ চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। ভারতজুড়ে এখন ‘সঞ্জু’ ছবির জয়জয়কার। এরই মধ্যে ছবিটি ইতিহাস তৈরি করেছে। জানা গেছে, এর আগে মুক্তির প্রথম রোববারে সারা ভারতে ‘বাহুবলী টু’ আয়ের দিক থেকে যে রেকর্ড গড়েছিল, তা ভেঙে দিয়েছে ‘সঞ্জু’।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ বলেছেন, শুক্রবার মুক্তি পাওয়ার পর প্রথম তিন দিনে ছবিটি আয় করেছে ১২০ দশমিক শূন্য ৬ কোটি রুপি। এর মধ্যে প্রথম দিন শুক্রবার ৩৪ দশমিক ৭৫ কোটি রুপি, দ্বিতীয় দিন শনিবার ৩৮ দশমিক ৬০ কোটি রুপি আর তৃতীয় দিন রোববার ৪৬ দশমিক ৭১ কোটি রুপি আয় হয়েছে। এর আগে সাপ্তাহিক ছুটির দিন রোববারে আর কোনো ছবি এতটা আয় করতে পারেনি।
বলিউডের ‘ব্যাড বয়’ সঞ্জয় দত্তের জীবন নিয়ে ‘সঞ্জু’ ছবিটি। রণবীর কাপুর অভিনয় করেছেন সঞ্জয়ের চরিত্রে। ছবিটির ট্রেলার মুক্তির পর সবাই রণবীরকে বাহবা দিলেও মেনে নিতে পারেননি সালমান খান। তিনি রীতিমতো কটাক্ষ করেন রণবীরকে। বলিউডের ভাইজানের মতে, রণবীর ‘সঞ্জু’র চরিত্রের জন্য একদম উপযুক্ত নয়। একমাত্র সঞ্জয় দত্তের নিজেরই তাঁর চরিত্রে অভিনয় করা উচিত ছিল।






