কয়েক দফা বৃষ্টিতে গাছপালা ও চারপাশ সবুজ ও সতেজ হয়ে উঠছে। গাছ লাগানো কিংবা বাগান করার জন্য উপযুক্ত সময় হচ্ছে এখনই। এ সময় আর্দ্রতাপূর্ণ আবহাওয়া গাছের টিকে থাকা এবং বেড়ে ওঠায় সহায়তা করে। সবুজপ্রেমীরাও এই সময়টিকে বেছে নেন প্রিয় গাছ বা শখের বাগান করার জন্য। বাসাবাড়ির ছাদ, বারান্দাসহ যেখানেই মিলছে এক টুকরো জায়গা, সেখানেই গড়ে তোলা হচ্ছে বাড়ির বাগান। তাই এই সময়ে নার্সারিগুলোতে ক্রেতারাও ভিড় করছেন। অনেকে বাসাবাড়ির জন্য ফুল ও ফল থেকে শুরু করে অর্কিড, ক্যাকটাসসহ পছন্দের গাছ কিনে নিচ্ছেন। আবার কেউবা বিভিন্ন প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধনের জন্য এসব গাছ কিনছেন। আগ্রহী এসব ক্রেতার প্রয়োজনীয় চাহিদার জোগান দিচ্ছে রাজধানীতে গড়ে ওঠা ছোট-বড় নার্সারিগুলো।






