প্রত্যেকেই তার ঘরটি সুন্দর ও ঝকঝকে রাখতে চান। এজন্য অবশ্যই ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঘরের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। ঝকঝকে সাদা টাইলস ঘরটি করে তোলে আরো বেশি উজ্জ্বল ও আকর্ষণীয়।টাইলস ও ব্যবহার : বর্তমানে ভবনের অন্দরে-বাইরে থিমভিত্তিক নকশার প্রচলন চলছে। তাই হরেক রকম টাইলসও পাওয়া যাচ্ছে। তবে মার্বেল, কংক্রিট, পোরসেলিন ও সিরামিক টাইলসের ব্যবহার চোখে পড়ছে বেশি। কোনো টাইলস মেঝের তাপ ও চাপ সহ্য করার ক্ষমতা রাখে। আবার কিছু টাইলস দেখতে সুন্দর হলেও ভঙ্গুর প্রকৃতির। কিছু টাইলস আর্দ্রতা সয়ে সময়ের সঙ্গে সঙ্গে শক্তপোক্ত হয়, কিছু আবার আর্দ্রতা পেলে ক্ষয় হতে শুরু করে। তাই মেঝে বা দেয়াল যেখানেই টাইলস ব্যবহার করা হোক, সুবিধা-অসুবিধা আর পরিষ্কার করার উপায় জেনেই দীর্ঘস্থায়ী টাইলস লাগানো উচিত।
যা দিয়ে পরিষ্কার করবেন : টাইলসের কঠিন ও জেদি দাগ দূর করতে সাদা ভিনেগার, বেকিং সোডা কিংবা বিশেষ বাণিজ্যিক টাইলস ক্লিনার ব্যবহার করা যায়। নিয়মিত টাইলস পরিষ্কার করার জন্য প্রয়োজন মাইক্রোফাইবার কাপড়, সাধারণ ডিটারজেন্ট বা সোপ, হালকা গরম পানি, নরম ঝাড়ু বা ব্রাশ। টাইলস সহজে পরিষ্কার-পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে নানারকম নিয়ম। টাইলস ঝকঝকে পরিষ্কার রাখার কিছু টিপস ও পরামর্শ দেওয়া হলো।






