বিনা টিকিটে ভ্রমণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

ওয়েস্ট মিডল্যান্ডস মেট্রোতে বিনা টিকিটে ভ্রমণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। এখন থেকে টিকিট ছাড়া ট্রেনে উঠলে যাত্রীদের গুনতে হবে ১০০ পাউন্ড জরিমানা। নতুন নিয়মে ট্রেনের ভেতরে আর টিকিট কাটার কোনো সুযোগ থাকছে না। যাত্রীদের অবশ্যই ভ্রমণের আগেই বৈধ টিকিট বা পাস সংগ্রহ করতে হবে। প্ল্যাটফর্মে বা ট্রেনে চেকিংয়ের সময় নিয়ম ভঙ্গকারী ধরা পড়লে সাথে সাথে জরিমানা কার্যকর করা হবে।

ওয়েস্ট মিডল্যান্ডস মেট্রো কর্তৃপক্ষ সম্প্রতি পুরো নেটওয়ার্কজুড়ে ‘বাই বিফোর ইউ বোর্ড’ শীর্ষক নতুন এই স্কিম কার্যকর করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ট্রেনে ওঠার পর কন্ডাক্টরের কাছ থেকে টিকিট কেনার পুরনো ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন থেকে ট্রেনে বা ট্রাম থেকে নামার পর প্ল্যাটফর্মে বৈধ টিকিট ছাড়া কাউকে পাওয়া গেলে তাকে এই নির্ধারিত জরিমানা দিতে হবে।

বার্মিংহাম ও উলভারহ্যাম্পটনের মধ্যে চলাচলকারী এই মেট্রো সার্ভিসে টিকিট ফাঁকি রোধে পরিদর্শকদের নতুন দল মোতায়েন করা হয়েছে। মূলত ট্রেনে প্রাক্তন কন্ডাক্টরদেরই রাজস্ব সুরক্ষা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দিয়ে এই কাজে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সারাদিন নিয়মিতভাবে টিকিট পরীক্ষা করবেন এবং অনিয়ম দেখলে জরিমানা আদায় করবেন।

মেট্রোর বাণিজ্যিক ও গ্রাহক অভিজ্ঞতা বিষয়ক প্রধান মাইকেল রিডিং-স্কিলটন জানান, ব্যস্ত সময়ে ট্রেনে কন্ডাক্টরদের পক্ষে প্রতিটি যাত্রীর টিকিট নিশ্চিত করা কঠিন হয়ে পড়ত। এছাড়া নিয়মিত টিকিট কেটে চলা অধিকাংশ যাত্রীও বিনা ভাড়ার ভ্রমণ মেনে নিতে পারেন না। যাত্রীদের সহযোগিতা করতে এবং সবাই যেন বৈধ টিকিট নিয়ে চলেন, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

যাত্রীদের টিকিট কাটার সুবিধার্থে ট্রাম স্টপগুলোতে নগদ টাকা ও কার্ড ব্যবহারের মেশিনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এর পাশাপাশি যাত্রীরা মাইমেট্রো অ্যাপ ব্যবহার করেও টিকিট কিনতে পারবেন। নিয়মিত ট্রাভেলারদের জন্য সিজন টিকিট বা সুইফট কার্ডের মতো বিদ্যমান পাসগুলোও আগের মতোই বৈধ থাকবে।