শিক্ষার্থীর মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি

আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন আজ বৃহস্পতিবার (১৩ জুন) শেষ হবে। আজ রাত আটটা পর্যন্ত আবেদন করতে পারবে কলেজে ভর্তিতে আগ্রহী শিক্ষার্থীরা। গত ২৬ মে শুরু হয় এ আবেদন।

এদিকে পুনঃনিরীক্ষণের মাধ্যমে পরিবির্তিত ফলাফল পাওয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। আর পেমেন্ট সংক্রান্ত সমস্যা দাখিলের ফর্মটি লিঙ্কে আবার চালু করা হয়েছে।

আগের মতো এবারও একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারছে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে।