ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে ব্রাজিলের

চলছে দিন গণনা। আর মাত্র কয়েকটি দিন পরই শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের অন্যতম আয়োজন কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ে বরাবরের মতো এবারও ফেবারিট ফুটবলের দুই পরাশক্তি ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এরই মধ্যে কোপা আমেরিকার শিরোপা কার হাতে উঠতে পারে, তা নিয়ে শুরু হয়ে গেছে নানা জল্পনাকল্পনা।

এ প্রতিযোগিতা সামনে রেখে প্রস্তুত হচ্ছে দুই দলের ভক্তদের লড়াইয়ের মঞ্চ সামাজিক যোগাযোগমাধ্যমও, যেখানে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার অন্য এক লড়াইয়ে মেতে উঠবেন দুই দলের ভক্ত–সমর্থকেরাও। এর মধ্যে কোপা আমেরিকা সামনে রেখে নিজেদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। বলেছেন, এই মুহূর্তে ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে ব্রাজিলের। পাশাপাশি যেকোনো টুর্নামেন্টে ব্রাজিল সব সময় ফেবারিট বলেও মন্তব্য করেন তিনি।