এসএসসি পরীক্ষার পর এবার চলমান এইচএসসিতেও প্রশ্নপত্র বিতরণে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর প্রথম দুই দিনে দেশের বিভিন্ন কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়ায় ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো বিষয়টি সমাধান এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও অনিশ্চয়তা কাটছে না পরীক্ষার্থীদের।জানা গেছে, এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় সংশ্লিষ্টদের সতর্ক করে নোটিস দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ ধরনের ভুলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। গতকাল শনিবার তিনি আমার দেশকে আরো জানান, পরীক্ষার আগে কেন্দ্রসচিব ও দায়িত্বপ্রাপ্তদের নিয়ে মতবিনিময়সহ প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর পরও কোনো অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না।সূত্রমতে, গতকাল শনিবার দ্বিতীয় দিনের পরীক্ষায় জামালপুরের একটি কেন্দ্রে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থী। সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ১০০ শিক্ষার্থী ওই প্রশ্নেই পরীক্ষা দেন। পরে বিষয়টি জানতে পেরে শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়।
পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা দেওয়া শেষে আমরা দেখতে পাই, প্রশ্নের ওপরে লেখা ‘২০২৫ সালের সিলেবাস অনুযায়ী’। তার মানে, এই প্রশ্ন আমাদের না। পরে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে সমাধানের আশ্বাস দেওয়া হয় কলেজ থেকে। তাদের একটি ভুলের কারণে যে আমার ‘এ’ প্লাস কেটে যাবে না, এটার নিশ্চয়তা কে দেবে?






