রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় স্যার জগদীশ চন্দ্র বসু ভবনের (তৃতীয় বিজ্ঞান ভবন) সামনে বিভাগের নাম পরিবর্তন করে ‘ফলিত পরিসংখ্যান’ করার দাবি জানান। রাত নয়টার পর এ প্রতিবেদন হালনাগাদ করার সময় শিক্ষার্থীদের কর্মসূচি চলছিল।
অনশনকারী শিক্ষার্থীরা বলেন, উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান এবং বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বিভাগের নাম পরিবর্তন করে ‘ফলিত পরিসংখ্যান বিভাগ’ করার লিখিত নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন। দুপুরে প্রক্টর মো. লুৎফর রহমান এসে অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যান।






