নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছেন, এটি মানতে রাজি নন তাঁর ভক্তরা। গত ২৪ ফেব্রুয়ারি পিবিআইয়ের দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন তাঁরা। সেই প্রতিবেদন ভুলে ভরা এবং পুনরায় তদন্ত চেয়ে এক মানববন্ধনের আয়োজন করেছিলেন সালমানের ভক্তরা। সেখানে উপস্থিত সালমানের পরিবারের সদস্য ও ভক্তরা জানান, সালমানের মৃত্যু রহস্যের পুনঃতদন্তের দাবিতে সারা দেশে মানববন্ধন করবেন তাঁরা।
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে উপস্থিত নানা বয়সী নারী-পুরুষ। মানববন্ধনের আয়োজকদের অন্যতম সাজিদ হাসান বলেন, ‘সালমান শাহ আত্মহত্যা করেছে বলে পিবিআই যে প্রতিবেদনটি দিয়েছে, সালমানের ভক্তরা সেটা প্রত্যাখ্যান করেছে। আমাদের দাবি, পুনরায় তদন্ত করে মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরা হোক। কারণ পিবিআই কিছু ভুল তথ্য দিয়েছে এবং কিছু বিষয় এড়িয়ে গেছে। পিবিআইয়ের তদন্তের প্রেক্ষিতে আমরা তাঁদের রিপোর্টের ২৭টি সমস্যা চিহ্নিত করার চেষ্টা করেছি। তাদের প্রতিবেদনটি মনগড়া। এর পুণঃতদন্ত না হলে সালমান ভক্তরা প্রধানমন্ত্রীর কাছে যাবে। নেত্রীর হস্তক্ষেপ কামনা করবে। আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী যেন পুনরায় এর সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন।’






