হাজার হাজার অভিবাসীকে জার্মানিতে স্বাগত জানিয়ে প্রশংসিত হয়েছিলেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তবে অভ্যন্তরীণ চাপে সরকার টিকিয়ে রাখতে অভিবাসীদের প্রতি সহানুভূতিশীল ম্যার্কেলকেও কঠোর হতে হলো। গতকাল সোমবার তিনি অভিবাসনপ্রত্যাশীদের জন্য সীমান্তে আশ্রয়শিবির তৈরি করতে রাজি হন। অস্ট্রিয়ার সঙ্গে সীমান্তে নজরদারিও বাড়ান।
আঙ্গেলা ম্যার্কেলের জন্য এটা একেবারেই বিপরীতমুখী অবস্থান। ক্ষমতাসীন জোটে থাকা রক্ষণশীলদের চাপের কারণে অভিবাসন বিষয়ে উদার অবস্থান থেকে সরে আসতে হলো তাঁকে।
রক্ষণশীলদের ধরে রাখতে ম্যার্কেলের এই ঘুরে দাঁড়ানোয় তাঁর রাজনৈতিক দুর্বলতা প্রকাশ পায়। জার্মান রাজনীতিতে জাতীয়তাবাদ ও অভিবাসনবিরোধী অবস্থান গুরুত্ব পাচ্ছে।






