ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ার পরই আলোচনাটা শুরু হয়েছিল। কবে তুরিনের মায়া কাটিয়ে চলে যাবেন গঞ্জালো হিগুয়েইন। প্রশ্নের উত্তর পেতে দুই সপ্তাহ সময় লাগল। রোনালদো ক্লাবে যোগ দেওয়ায় চলে যেতে হলো আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। এক মৌসুমের জন্য ধারে এসি মিলানে চলে যাচ্ছেন হিগুয়েইন।
সিআর সেভেন জুভেন্টাসে যোগ দেওয়ার পর দলটির সম্ভাব্য একাদশ সাজানোর চেষ্টা করেছে বিশ্বের নানা পত্রিকা। একেকটি সংবাদমাধ্যম একেকটি ফরমেশনে দল সাজিয়েছে, রোনালদোকে কেন্দ্র করে ডান ও বাম প্রান্তে আক্রমণে কখনো ডগলাস কস্তা, কখনো মানজুকিচ কিংবা পাওলো ডিবালাকে দেখানো হয়েছে। তবে একটি ব্যাপারে প্রায় সবাই একমত ছিল। রোনালদোর সঙ্গী হিসেবে তাঁরই সাবেক সতীর্থকে কেউ রাখেননি। কারণ দিনে দিনে নম্বর নাইনে রূপ নেওয়া রোনালদোকে দলে রাখলে হিগুয়েইনকে রাখার কোনো কারণ খুঁজে পাচ্ছিলেন না কেউ।






