চলচ্চিত্র ও সংগীত তারকা রিয়ানা চুরি করেছেন। আর এই অপরাধ একবার নয়, তিনি বারবার করেছেন। গত বৃহস্পতিবার রাতে বিবিসি ওয়ানের ‘দ্য গ্রাহাম নর্টন শো’তে এমনটাই জানালেন অনুষ্ঠানটির সঞ্চালক গ্রাহাম নর্টন। এ সময় তাঁর সামনে বসেছিলেন রিয়ানা। সঞ্চালক রিয়ানার এই অপরাধের কথা বলেন, আর সেই অপরাধের একের পর এক ছবি দেখিয়ে তাঁকে অপ্রস্তুত করে দেন। রিয়ানা কী বলবেন, বুঝে উঠতে পারছিলেন না। তিনি বিব্রত হন এবং লজ্জা পান। নিজের অস্বস্তি আড়াল করতে প্রশ্ন করে বসেন, ‘আমার মা এই দৃশ্যগুলো দেখতে পাবেন?’ তাঁর পাশে আরও বসে ছিলেন জনপ্রিয় হলিউড তারকা স্যান্ড্রা বুলক, কেট ব্ল্যানশেট, সারা পলসন ও হেলেনা বনহ্যাম-কার্টার। ‘ওশানস এইট’ ছবির প্রচারের জন্য এ অনুষ্ঠানে যান তাঁরা। ৮ জুন ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে।






