ম্যান অব দ্য ম্যাচ কারেন

একসময় সুইং বোলিং দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভূত এই ইংলিশ বাঁহাতি পেসারই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়। আজ মেলবোর্নের ফাইনালে তাঁর অসাধারণ বোলিংয়েই পাকিস্তানের সংগ্রহটা লড়াই করার মতো হয়নি। ৪ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট—ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ বেছে নিতে খুব বেশি কষ্ট হয়নি কারোরই।সেরা খেলোয়াড় হিসেবে তাঁকে বেছে নিতেও খুব বেশি ভাবতে হয়নি বিচারকদের। ৬ ম্যাচ খেলে ১১.৩৮ গড়ে ১৩ উইকেট; ইকোনমি ৬.৫২—টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন বোলিং, সেরার পুরস্কারটা তাঁর হাতে তুলে না দিয়ে উপায়ই ছিল না।

গোটা বিশ্বকাপেই ডেথ ওভারে দুর্দান্ত ছিল কারেনের বোলিং। গত দুই আসরেই ডেথ বোলিং ইংল্যান্ডকে ভুগিয়েছে, কিন্তু এবার বাটলারের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছিলেন তিনি। ফাইনালে শুধু ডেথে নয়, মার্ক উডের অনুপস্থিতিতে উইকেট নেওয়ার ক্ষেত্রেও অন্যতম ভরসার নাম ছিলেন কারেন।

ওই যে ‘টো অ্যান্ড টিথ’ বোলিং, সেটির এমন সার্থক প্রয়োগ ঘটিয়েছেন তিনি। আঁটসাঁট লাইন লেংথ থেকে ইনসুইং বা আউট সুইং, সেটি তাঁর বোলিংয়ের বৈশিষ্ট্যই। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ডেথ ওভারে এসে ব্যাটসম্যানদের পায়ের বুড়ো আঙুল আর দাঁত বরাবর বোলিং করে গেছেন ধারাবাহিকভাবেই।