যুক্তরাজ্যে জ্বালানির ভর্তুকির অর্থ বিতরণে অনিশ্চয়তা

জ্বালানির উচ্চমূল্যের কারণে সবচেয়ে বিপদে আছেন যুক্তরাজ্যের মানুষ। ধনী দেশগুলোর মধ্যে সে দেশের সরকার জ্বালানি বাবদ সবচেয়ে বেশি ভর্তুকি দিয়েছে। কিন্তু সেই ভর্তুকির অর্থ বিতরণে অনিশ্চয়তার কারণে একশ্রেণির মানুষ আরও বিপণ্ন হচ্ছেন।

দ্য গার্ডিয়ানের সংবাদে বলা হয়েছে, দেশটির যে নাগরিকেরা সাধারণ বাণিজ্যিক ভাড়া বাড়িতে থাকেন, যেখানে বিদ্যুতের মানসম্পন্ন মিটার আছে, তাঁরা শিগগিরই জ্বালানি ভর্তুকির দ্বিতীয় কিস্তিতে ৬৬ পাউন্ড করে পাবেন। কিন্তু যে মানুষেরা কেন্দ্রীয় লাইন থেকে সরাসরি বিদ্যুৎ পান, তাঁরা কবে ভর্তুকির অর্থ পাবেন বা আদৌ পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

তবে যুক্তরাজ্য সরকার বলেছে, এই মানুষেরা কীভাবে ভর্তুকির অর্থ পাবেন, সেই সিদ্ধান্ত কয়েক সপ্তাহের মধ্যেই নেওয়া হবে।