শীত আসতে এখনো বাকি। গরম আরও কিছুদিন টের পাওয়া যাবে। তবে এই সময় থেকেই ত্বক হয়ে পড়বে শুষ্ক ও ফাটা ফাটা, চুল হয়ে যাবে রুক্ষ ও নিষ্প্রাণ। বাইরে বের হলে আপনাকে এখন রোদ ও ধুলা দুই–ই মোকাবিলা করতে হবে। আবার গরম থাকায় মাথার ত্বকও ঘামতে থাকে। চুল হয়ে পড়ে স্যাঁতসেঁতে, দ্রুত তাতে জমে ময়লা। প্রতিদিনের দূষণ ও অযত্নে চুল হয়ে যায় প্রাণহীন। এ ছাড়া শীতের অনিবার্য অনুষঙ্গ চুল পড়া, আগা ফাটা তো আছেই। এমন হাজারটা সমস্যা থেকে রক্ষা পেতে চুল পরিষ্কার রাখা খুব জরুরি। এ জন্য চুলের নিয়মিত পরিচর্যার বিকল্প নেই। আর এই পরিচর্যার নতুন কোনো মোক্ষম দাওয়াই নেই, বহুদিন ধরে চলে আসা পন্থাগুলোই অনুসরণ করতে হবে।
শীতে কমবেশি সবাই খুশকিতে আক্রান্ত হন। তাই গরমের শুরুতেই খুশকি থেকে মুক্তি পেতে শ্যাম্পু করার আগে মাথার ত্বকে হালকা গরম তেল মালিশ করা জরুরি। তেল ও লেবুর রস খুশকি দূর করতে বেশ সহায়ক। তবে রুক্ষ চুলের জন্য তেল ও লেবুর রসের সঙ্গে মধু ব্যবহার করতে পারেন। খুশকি থেকে বাঁচার এটা বেশ ভালো উপায়।
. চুলের ভেতর পর্যন্ত পুষ্টি পৌঁছাতে গরম তেল মালিশের বিকল্প নেই। আর যেহেতু এ সময়, দু–এক দিন পরপরই শ্যাম্পু করা প্রয়োজন, তেল না লাগালে চুল রুক্ষ হয়ে যাওয়াই স্বাভাবিক। তাই এক দিন পরপর রাতে বা শ্যাম্পু করার এক ঘণ্টা আগে তেল হালকা গরম করে মাথায় মালিশ করুন।






