রিকশাচালক থেকে গায়ক বনে যাওয়া আকবর আজ রোববার দুপুরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান। হাসপাতালের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর ১৩ নম্বর এলাকার বাসায়। বাদ এশা মিরপুর ১৩ নম্বর কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিয়ে স্ত্রী-কন্যাসহ আত্মীয়স্বজনের রওনা করার কথা যশোরের উদ্দেশে। শেষবার মায়ের কাছে ‘ফিরে’ যাবেন আকবর। যশোর শহরে দ্বিতীয় জানাজা শেষে সেখানকার কারবালা কবরস্থানে আকবরের মায়ের কবরে তাঁকে সমাহিত করা হবে বলে জানান স্ত্রী কানিজ ফাতেমা।






