তিন দশকের বেশি সময় ধরে দর্শকের জন্য ‘ইত্যাদি’ বানাচ্ছেন হানিফ সংকেত। এর মধ্যে ২৫ বছর ধরে সঙ্গী ছিলেন মঞ্চ ও টেলিভিশন নাটকের গুণী শিল্পী আবদুল কাদের। তাঁর মৃত্যুর পর ‘ইত্যাদি’ অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারিত হতে যাচ্ছে। ২৫ বছরে এবারই প্রথম আবদুল কাদের ছাড়া ‘ইত্যাদি’ অনুষ্ঠান হতে যাচ্ছে। এবারের ‘ইত্যাদি’ অনুষ্ঠানের শুটিংয়ে আবদুল কাদের অনুপস্থিতি উপস্থিত সবার মধ্যে একটা ভীতির সঞ্চার করেছে বলে জানালেন এই অনুষ্ঠানের পরিকল্পক হানিফ সংকেত। হানিফ সংকেত বললেন, ‘আমরা আমাদের প্রিয় শিল্পী আবদুল কাদেরের স্মরণে কিছু না কিছু রাখব, তা এই মুহূর্তে বলতে চাইছি না। অনুষ্ঠান প্রচারের দিন তা সবাই দেখতে পাবেন।’ ‘ইত্যাদি’ অনুষ্ঠানে মামা–ভাগ্নে নামের বিভাগ ছিল। এই বিভাগে মামা চরিত্রে আবদুল কাদের ও ভাগনে আফজাল শরীফ অভিনয় করতেন। আবদুল কাদের মারা যাওয়ার পর এবারই প্রথম তা হতে যাচ্ছে না। দীর্ঘদিনের সহশিল্পীকে না পেয়ে সবার মধ্যে দুঃখবোধ ও বেদনাবোধ কাজ করেছে। হানিফ সংকেত বললেন, ‘২৫ বছর আমরা একটা পরিবারে ছিলাম। তাঁর অনুপস্থিতিটা শুধু আমার না, ইউনিটের সবারই খারাপ লেগেছে। সবার মধ্যে একটা ভীতিও এসেছে, এই যে একে একে আমরা সবাই চলে যাচ্ছি। কে যে কখন চলে যায় তার কোনো ঠিক নেই। কারণ, আমরা এরই মধ্যে ইত্যাদি পরিবারের অনেককে হারিয়েছি।’






