চলতি বছরের জানুয়ারি মাসের বরফশীতল এক রাতে ইস্ট লন্ডনে ইস্টহ্যামের বেকটন এলাকায় শপিং বেগে যে নবজাতক মেয়েটিকে পাওয়া গিয়েছিল, সেই নবজাতকের বাবা-মা এর আগেও আরও দুই নবজাতককে একইভাবে ফেলে গিয়েছিলেন। জানুয়ারি মাসে উদ্ধার হওয়া নবজাতক মেয়েটির নাম হাসপাতালের কর্মীরা দিয়েছিলেন এলসা। এনিমেশন মুভি ফ্রোজেন থেকে তাঁরা এই নামটি নিয়েছিলেন।
বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে জানা গেছে, ডিএনএ টেস্টের মাধ্যমে জানা গেছে এলসার আরও দুই আপন ভাই-বোন আছে। তাদের নাম হ্যারি এবং রোমান। তিনটি নবজাতককেই একই এলাকার একে অপরের থেকে দুই মাইল দূরত্বে একইভাবে ফেলে যাওয়া হয়েছিল।
ছেলে নবজাতক হ্যারিকে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে পাওয়া যায় প্লাইসটো এলাকায়। জন্মের পরপরই তাঁকে ফেলে যাওয়া হয়। এর ১৬ মাস পর ২০১৯ সালের জানুয়ারি মাসে মেয়ে নবজাতক রোমানকে পাওয়া যায় রোমান রোডের কাছাকাছি একটি পার্কে। রোমান রোডের নামানুসারে মেয়েটির নাম রাখা হয় রোমান। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে পাওয়া যায় এলসাকে। রোমান রোড থেকে কয়েক শ’ গজ দূরে। তিনটি শিশুর নামই এখন পরিবর্তন করা হয়েছে।
ব্রিটেনে একটি শিশু ফেলে যাওয়ার ঘটনাই বিরল। সে ক্ষেত্রে একই বাবা-মায়ের তিনটি নবজাতককে ফেলে যাওয়ার ঘটনা নজিরবিহীন।
তিনটি শিশুই এখন নিরাপদে আছে। কেউ দত্তক নিয়েছে, অথবা কারো কেয়ারে আছে। প্রায় সাত বছর যাবত লন্ডন মেট্রোপলিটন পুলিস এই তিন শিশুর মাকে এগিয়ে আসার জন্য বারবার আহবান জানালেও এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। পুলিস এই তিন ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।






