২০১৮ বিশ্বকাপ শেষ। চ্যাম্পিয়ন ফ্রান্স ও রানার্সআপ ক্রোয়েশিয়া দেশে ফিরেছে। আয়োজনের জন্য সবার প্রশংসা কুড়িয়েছে রাশিয়া। আয়োজনের কোথাও ছিল না কোনো কমতি। জমকালো স্টেডিয়াম, স্টেডিয়ামে বিনা মূল্যে ট্রেনযাত্রার ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুতেই ধন্যবাদ পাওয়ার মতোই করেছে রাশিয়া। সেই ধন্যবাদের মধ্যেই একটি কারণে নেটিজেনদের ট্রলের শিকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ঘটনাটি রোববারের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়ে। সেখানে পুরো আলোটাই নিজের দিকে টেনে নিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। আরও যথার্থভাবে বললে বলা ভালো তাঁর ছাতা। পুরস্কার প্রদান শুরু হওয়ার কিছুক্ষণ পরেই মস্কোয় শুরু হয়ে যায় প্রবল বৃষ্টি। আবহাওয়ার কথা বিবেচনা করেই পুতিন প্রস্তুতি সেরেই এসেছিলেন। বৃষ্টি শুরু হতেই দেখা যায়, দেহরক্ষী বিশাল ছাতা মেলে ধরেছেন পুতিনের মাথায়। অথচ তখন পাশে দাঁড়িয়ে ভিজছেন তিন-তিনজন প্রেসিডেন্ট। ফিফার জিয়ান্নি ইনফান্তিনো, ফ্রান্সের ইমানুয়েল মাখোঁ ও ক্রোয়েশিয়ার কলিন্দা গ্রাবার-কিতারোভিচ। আর ঘটনা চোখ এড়াইনি অনেকেরই। শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ, সমালোচনা। ব্যঙ্গ করে একজন বলেছেন, আমার ছাতা কেন অন্যদের দেব। কেউ কেউ আবার প্রশংসাও করেছেন। বলেছেন, এতেই প্রমাণিত হয় তিনিই আসলে বস। তিনি রাশিয়ান রজনীকান্ত।






