কয়েক দিন ধরেই ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী ডলি জহুর। কাশি বেড়ে যাওয়ায় গতকাল রাতে এই অভিনয়শিল্পীকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ তাঁর কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ডলি জহুরের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনয়শিল্পী রওনক হাসান।ডলি জহুরের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিয়ে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রওনক হাসান। সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী ডলি জহুর করোনা পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর সঙ্গে দেখা করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। তাই অযথা হাসপাতালে কেউ ভিড় করবেন না। সবাই ডলি মার (ডলি জহুরকে বিনোদন অঙ্গনের অনেকেই মা বলে ডাকেন) জন্য দোয়া করবেন।’
রওনক জানান, তাঁর শ্বাসকষ্ট আছে। তবে অক্সিজেন লাগছে না। খাওয়াদাওয়া স্বাভাবিকভাবে করছেন। কাশি একটু বেড়েছে। এরই মধ্যে বুকের সিটি স্ক্যান করা হয়েছে। তবে এখনো রিপোর্ট হাতে পাননি। তাই জানা যায়নি, ফুসফুস কতটা সংক্রমিত হয়েছে।
প্রায় আট বছর ধরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় যাওয়া–আসার মধ্যে আছেন অভিনেত্রী ডলি জহুর। অভিনয়ও কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। গত ১৩ জানুয়ারি বাংলাদেশে এসেছেন তিনি। ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে ভোট দিতে দেখা গেছে তাঁকে। এবার কত দিন থাকবেন জানতে চাইলে ডলি জহুর বলেন, ‘আমি ওই দেশের নাগরিক নই। আমার ইচ্ছা অনুযায়ী এখানে থাকব। যদি খুব একটা যাওয়ার প্রয়োজন না পড়ে, তাহলে আপাতত যাচ্ছি না। আমি দেশেই আছি।’






