চট্টগ্রাম-১২ (পটিয়া ) এ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটিয়ায় বিএনপির ঘাঁটিতে চমক দেখাতে চায় জামায়াতে ইসলামী। গত পনের বছর বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আ.লীগের মামলা-হামলার ভয়ে নিষ্ক্রিয় থাকলেও ২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দল দুটির নেতাকর্মীরা এখন মাঠে সক্রিয়। বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশীর বিপরীতে জামায়াতে ইসলামী ডা. ফরিদুল আলমকে একক প্রার্থী ঘোষণা করে প্রচার চালিয়ে যাচ্ছে। এই প্রার্থীর ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে নির্বাচনে ভালো ফলাফল প্রত্যাশা করছে দলটি।
১৯৯১ সাল পটিয়া আসনে বিএনপির শাহনেওয়াজ চৌধুরী মন্টু আ.লীগ প্রার্থী এসএম ইউসুফকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। মন্টুর ইন্তেকালের পর বিএনপির গাজী শাহজাহান জুয়েল ১৯৯৬ ও ২০০১ সালে আ.লীগ প্রার্থী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিনকে হারিয়ে জয়লাভ করেন। তবে ২০০৮ সালের নির্বাচনে জুয়েলকে হারিয়ে আ.লীগ প্রার্থী সামশুল হক চৌধুরী বিজয়ী হন। ২০১৪ এক তরফা নির্বাচনে ও ২০১৮ সালে রাতের ভোটের কারচুপির নির্বাচনে সামশুল হককে জয়ী ঘোষণা দেওয়া হয়। ২০২৪ সালে বিতর্কিত ডামি নির্বাচনে বিজয়ী হন দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আ.লীগের সাবেক এমপি সামশুল হক।






