‘বেকুব হবেন না’—এই বলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে লেখা এক ব্যতিক্রমী চিঠিতে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, তুরস্ক যেদিন সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সামরিক অভিযান শুরু করে, সেদিনই এরদোয়ানকে চিঠিটি পাঠান ট্রাম্প।
চিঠিতে তুর্কি প্রেসিডেন্টকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইতিহাস তাঁকে (এরদোয়ান) ‘শয়তান’ বলে নিন্দা করবে।
সিরিয়ার কুর্দি যোদ্ধাদের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হতে এরদোয়ানের প্রতি আহ্বান চিঠিতে জানান ট্রাম্প। আর এরদোয়ান যদি তা না করেন, তাহলে তুরস্কের অর্থনীতি যুক্তরাষ্ট্র ধ্বংস করে দেবে বলেও হুমকি দেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর গত সপ্তাহ থেকে দেশটির (সিরিয়া) উত্তরাঞ্চলের কুর্দি যোদ্ধাদের নিয়ন্ত্রিত এলাকায় হামলা শুরু করে তুরস্ক। এই হামলার জেরে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়াও তুরস্ককে হামলা বন্ধ করতে বলেছে।






