দুই শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আজিয়াটার কাছ থেকে পাওনা আদায়ে প্রশাসক বসানোর সিদ্ধান্তে সায় দিয়েছে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রশাসক বসানোর অনুমোদন দিয়েছে।
এর মাধ্যমে দুই অপারেটরের কাছ থেকে পাওনা আদায়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যে সমঝোতার উদ্যোগ নিয়েছিলেন, তা কার্যত ব্যর্থ হলো। এদিকে গ্রামীণফোনের এক আবেদনের ভিত্তিতে হাইকোর্ট পাওনা আদায়–সংক্রান্ত পদক্ষেপের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছেন। অবশ্য রবির ক্ষেত্রে এখন পর্যন্ত এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই।
সরকার গ্রামীণফোন ও রবিতে প্রশাসক বসালে সেটি হবে নজিরবিহীন ঘটনা। জানতে চাইলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার গত রাতে প্রথম আলোকে বলেন, ‘গ্রামীণফোন নিম্ন আদালতে মামলা করে হেরে গিয়ে উচ্চ আদালতে গিয়েছে। আমরা সেটা জেনেছি। আদালতেই বিষয়টি মোকাবিলা করা হবে। প্রশাসক বসানোর প্রস্তুতি বসে থাকবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা অনুমোদন দিয়েছি, তার মানে এই নয় যে কালকেই প্রশাসক বসবে। এটি আমরা প্রথমবারের মতো করছি। অভিজ্ঞতা নেই। একটু সময় লাগবে।’






