দুপুর থেকেই নগরের বেড়ানোর জায়গাগুলোতে ভিড় জমান ঈদের ছুটিতে থাকা মানুষ। ফয়’স লেকে গিয়ে দেখা যায়, পরিবার–পরিজন নিয়ে বড় বড় দলে ঘুরছেন অনেকে। সেখানে ভিড়ও স্বাভাবিকের চেয়ে বেশি।
ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কের উপমহাব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘বিভিন্ন রাইড এবং সি ওয়ার্ল্ডে সকাল থেকে ভিড় লেগেই আছে। নতুনভাবে রং করা হয়েছে। এবার মানুষ গতবারের চেয়েও বেশি হবে বলে আমরা আশা করছি। আজ বিকেল চারটা পর্যন্ত প্রায় চার হাজার দর্শনার্থী হয়েছে।’
সি ওয়ার্ল্ডে ওয়েব পুল, ফ্যামিলি পুল, মাল্টিস্লাইড, ড্যান্সিং জোন লোকে লোকারণ্য হয়ে উঠেছে। মেঘ কেটে রোদ উঠায় ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ডে প্রতি দেখা যায় দর্শনার্থীদের আগ্রহ। ছোটদের সঙ্গে বড়রাও ঝাঁপিয়ে পড়ে পুলে।






