গরহাজির এক উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ ক্যাম্পাসে প্রায়ই অনুপস্থিত থাকেন বলে অভিযোগ আছে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে ছাত্র-শিক্ষকদের অভিযোগ। সেই অভিযোগ পৌঁছেছে তথ্য কমিশনে। গতকাল সোমবার বিষয়টি নিয়ে কমিশনে শুনানির কথা থাকলেও তা পিছিয়েছে।

উপাচার্যের ক্যাম্পাসে অনুপস্থিতি নিয়ে রংপুরে স্থানীয়দের মধ্যেও আলোচনা-সমালোচনা আছে। সম্প্রতি তথ্য অধিকার আইনে রংপুরের একটি কলেজের অধ্যক্ষ কে এ এইচ ফখরুল আনাম বিশ্ববিদ্যালয়ের কাছে জানতে চান, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে উপাচার্য কত দিন ছুটি ভোগ করেছেন। জবাব না পেয়ে তিনি অভিযোগ করেন তথ্য কমিশনে। ফখরুল আনাম ছুটির নীতিমালা ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি ফি বাবদ কত আয় হয়েছে এবং কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে, সেই তথ্যও জানতে চেয়েছেন।

ফখরুল আনাম প্রথম আলোকে বলেন, তাঁকে জানানো হয়, উপাচার্য রাষ্ট্রপতি বা আচার্যের কাছে দায়বদ্ধ। ছুটির তথ্য জানানোর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারের বাইরে। অন্য দুটি বিষয়ে আংশিক তথ্য জানানো হয়। পরে তিনি তথ্য কমিশনে অভিযোগ করেন।

গতকাল শুনানি ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময় নিয়েছে। আর তথ্য কমিশন ফখরুল আনামকে জানিয়েছে, উপাচার্যের ছুটির তথ্য চেয়ে তাঁর আবেদন আমলে নেওয়া হয়নি। তিনি বলেন, তথ্য কমিশন শুনানি ছাড়া অভিযোগ খারিজ করে দেওয়ায় তিনি সন্তুষ্ট নন। ১৮ ডিসেম্বর তথ্য কমিশনে আবার শুনানি হওয়ার কথা।

LEAVE A REPLY