আশির দশকের মাঝামাঝি। বিশ্বের সংগীতাঙ্গন তখন কাঁপছে মেটাল জ্বরে। পশ্চিমা বিশ্বে একের পর এক গড়ে উঠছে মেটাল ও হার্ড রক ব্যান্ড। চারদিকে কনসার্টের জোয়ার। মেটালিকা, আয়রন মেইডেন, জুডাস প্রিস্ট, ব্ল্যাক স্যাবাথ, ডিপ পার্পল, স্করপিয়ন, রেইনবোর মতো ব্যান্ডগুলোর গান যেন পৃথিবী শাসন করতে শুরু করল। মেটাল হার্ড রকের উন্মাদনা স্পর্শ করল ঢাকাকেও। একের পর এক তারুণ্যনির্ভর হার্ড রক ব্যান্ড প্রতিষ্ঠিত হতে থাকে। এর মধ্যে যাদের কথা প্রথমেই উচ্চারিত হয়, সেটি হচ্ছে ওয়ারফেজ। ৬ জুন ওয়ারফেজ ৩৫ বছরে পা রাখল।
শুধু সুর সংগীতে ব্যতিক্রম নয়, ৩৪ বছরের দীর্ঘ পথচলায় এমন কোনো বিষয় নেই, যা তাদের গানে উঠে আসেনি। প্রেম, প্রতিবাদ, অনিয়ম, সংগ্রাম, মনস্তাত্ত্বিক চাওয়া-পাওয়া, প্রজন্ম সবকিছুর কথাই উঠে এসেছে তাদের গানের কথায়। ‘শক্ত কথা’কে শক্ত সুরে অসাধারণ দক্ষতায় পরিবেশন করেছে তারা, যা ছুঁয়ে গেছে তরুণ শ্রোতার হৃদয়।






