এইচআইভি প্রতিরোধে ইনজেকশন

এইচআইভি প্রতিরোধে যুগান্তকারী এক ইনজেকশন অনুমোদন পেতে যাচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলসে। এই ইনজেকশনটি প্রতি দুই মাস পর পর নিতে হবে, যা দৈনিক পিল খাওয়ার একটি সহজ বিকল্প হিসেবে কাজ করবে। যারা মুখে খাওয়ার ওষুধ বা পিল নিতে পারেন না, তাদের জন্য এটি একটি নতুন আশা জাগিয়েছে। কর্তৃপক্ষ এটিকে এইচআইভি সংক্রমণ নির্মূলে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে।

ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্স (Nice) শুক্রবার এক খসড়া নির্দেশিকায় এই অনুমোদন দিয়েছে। ক্যাবোটেগ্রাভির (CAB-LA) নামের এই ইনজেকশনটি এইচআইভি ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক এবং তরুণদের জন্য সুপারিশ করা হয়েছে। স্কটল্যান্ডে এনএইচএস-এর অধীনে এই ইনজেকশনটি আগে থেকেই পাওয়া যাচ্ছে।

স্বাস্থ্যসচিব ওয়েস স্ট্রিটিং এই অনুমোদনকে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যারা অন্য কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অক্ষম, তাদের জন্য এটি আশার আলো। ইংল্যান্ড ২০৩০ সালের মধ্যে এইচআইভি সংক্রমণ নির্মূলের লক্ষ্যমাত্রা নিয়েছে এবং এই নতুন চিকিৎসা সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে।

নাইস (Nice) এই বছরের শেষের দিকে চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করার প্রায় তিন মাস পর থেকে এই ইনজেকশনটি চালু হবে বলে আশা করা হচ্ছে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির তথ্যমতে, ২০২৪ সালে ইংল্যান্ডে প্রায় ১ লক্ষ ১১ হাজারেরও বেশি মানুষ পিল-ভিত্তিক এইচআইভি প্রতিরোধ ব্যবস্থা (PrEP) গ্রহণ করেছে। নতুন এই ইনজেকশনের মাধ্যমে বছরে প্রায় এক হাজার মানুষ উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।