বিলেতে কট্টরপন্থী গ্রুপের উস্কানিমূলক কর্মকান্ডের বিরুদ্বে জনমত সৃষ্টিতে ধর্ম বর্ণ নির্বিশেষে কমিউনিটির সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীকে একযোগে কাজ করতে হবে। আর এ ক্ষেত্রে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে’র দেশব্যাপী নেটওয়ার্ক বিশেষ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন বেথনালগ্রীন ও বো আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত এমপি সাবেক শ্যাডো মিনিস্টার রুশনারা আলী।
গত ১৯ জুন সোমবার লন্ডনে ওসমানী সেন্টার অডিটোরিয়ামে গ্রেটার সিলেট কাউন্সিল (জিএসসি) সাউথ ইস্ট রিজিওনের আগামী ৯ জুলাই ২০১৭ নির্বাচনে হারুন-শহীদ -মিসবাহ দোয়াত কলম প্যানেলের উদ্যোগে বিলেতের কমিউনিটি নেতৃবৃন্দ, বাংলা মিডিয়ার সাংবাদিক, পেশাজীবি ও জিএসসি সদস্যবৃন্দের সাথে এক মতবিনিময় সভা ও ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, আমাদের পূর্বসূরিরা সুন্দর একটি কমিউনিটি বিনির্মাণ করে গিয়েছেন। আমাদের কমিউনিটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলকে সংকীর্ণ স্বার্থের উর্ধে উঠে কাজ করার পাশাপাশি বিলেতে উগ্রপন্থা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আসফোর্ড মুসলিম এসোসিয়েশন কেন্ট এর সভাপতি হারুনার রশিদের সভাপতিত্বে এবং জিএসসি’র সেন্ট্রাল জয়েন্ট সেক্রেটারি ডক্টর এম মুজিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও , সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা বিশেষ করে সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বালাগঞ্জ, বিশ্বনাথ, ওসমানীনগর, নবীগঞ্জ, চুনারুঘাট, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, জগন্নাথপুর, ছাতকসহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়। সভায় প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলা মিডিয়ার সাংবাদিক ও পেশাজীবীরা উপস্থিত হয়ে প্রবাসীদের দাবি দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কাউন্সিল’র গতি ত্বরান্বিত করার জন্য পরামর্শমূলক বক্তব্য রাখেন ।






