মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক পেন্ডুলামের মতো দুলছিল। দিন-তারিখ, বৈঠকের স্থান সব ঠিক হয়ে যাওয়ার পর হঠাৎই বৈঠক বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। সপ্তাহ ঘুরতেই আবার বৈঠক বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসলেন তিনি। জানালেন, নির্ধারিত সময়েই (জুনের ১২ তারিখ) সিঙ্গাপুরের বৈঠকটি হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার কিম জং উনের তরফ থেকে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন। কিমের পাঠানো চিঠি ট্রাম্পের কাছে হস্তান্তর করেন তাঁরা। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট চলা বৈঠক শেষে ট্রাম্প ঘোষণা দেন কিমের সঙ্গে বৈঠক পূর্ব-নির্ধারিত সময়েই হচ্ছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে।






