আগামী ৫ অক্টোবর অনুষ্ঠেয় এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দিন সকাল সাড়ে নয়টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। কেন্দ্রে পরীক্ষার্থী ও কর্তব্য পালনকারী কর্মকর্তা-কর্মচারী মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস ও ঘড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না। শিক্ষার্থীদের প্রবেশপত্রের সঙ্গে উল্লিখিত নির্দিষ্ট ধরনের কলম নিয়ে প্রবেশ করতে হবে।
আজ সোমবার সচিবালয়ে আসন্ন এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরীক্ষাসংক্রান্ত ওভারসাইট কমিটির সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।






