গত ২২শে মে থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শুরু হয়েছিল ‘৮ম সার্ক চলচ্চিত্র উৎসব-২০১৮’। গত রোববার সন্ধ্যায় পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এই উৎসবের পর্দা নামে। আর এই চলচ্চিত্র উৎসবে বাজিমাত করেছে তৌকীর আহমেদের পরিচালনায় চলচ্চিত্র ‘হালদা’। ৮ম সার্ক চলচ্চিত্র উৎসবে শ্রীলঙ্কায় এ চলচ্চিত্রটি প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট চার বিভাগে পুরস্কার অর্জন করে বলে মানবজমিনকে জানান ছবির নির্মাতা তৌকীর আহমেদ। এ খবর জানানোর পাশাপাশি তিনি রোববার রাত ১১টার দিকে ‘হালদা’ চলচ্চিত্রের অফিসিয়াল ফেসবুক পেইজে তার এই চলচ্চিত্রের অর্জনের কথা সকলের উদ্দেশ্যে জানিয়ে দেন। শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ আবহ সংগীত বিভাগে চলচ্চিত্রটি পুরস্কার অর্জন করে।






