বাংলাদেশের সংগীতাঙ্গনের এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। ‘পারব না তোমাকে ছাড়তে’ শিরোনামে একটি গান লিখেছেন, সুর-সংগীত ও প্রোগ্রামিং করেছেন ইমরান মাহমুদুল। গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ২০১৬ সালের ‘ক্ষুদে গানরাজ’ খ্যাত সংগীতশিল্পী হুমায়রা ঈশিকা।
গত শনিবার দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এই গানের মিউজিক ভিডিও হয়েছে। আর এতে অষ্টমবারের মতো ইমরানের সঙ্গে তার গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন এ প্রজন্মের অন্যতম আলোচিত দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন তরুণ মেধাবী মিউজিক ভিডিও নির্মাতা সৈকত রেজা।






