শিক্ষাপ্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বলপ্রয়োগ না করার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পদে যাঁরা দায়িত্ব পালন করছেন, তাঁদের কারও বিরুদ্ধে ন্যায়সংগত অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে। জোর করে পদত্যাগে বাধ্য করে অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙে পড়তে পারে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন–ভাতা পেতে অসুবিধা হবে। শিক্ষা উপদেষ্টা আজ রোববার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন।






