সার্বিকভাবে সফল এবং দর্শকদের প্রশংসায় ভাসছে এবারকার রেইনবোর ২৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের সমাপনি দিনে ৯ই জুন রিচ মিক্স সেন্টারে সিনেমাপ্রেমী দর্শকের ছিল উপচে পরা ভীড়। সমাপনী দিনে প্রদর্শিত হয়েছে বহুল আলোচিত দর্শক নন্দিত সিনেমা ‘ফাতিমা’।
২রা জুন উদ্বোধন হওয়া আটদিনব্যাপী চলা উৎসবে ১৫টি দেশের মোট ৩৮টি সিনেমা প্রদর্শিত হয়েছে। উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রকে মূল্যায়ণ করার জন্য গঠিত হয়েছিল জুরি বোর্ড।
অনুষ্ঠানের শুরুতে রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলার ও ফিল্ম ফ্যাস্টিভাল এর উদযাপন কমিটির সদস্য সৈয়দা সায়মা আহমেদ চমৎকার উপস্থাপনায় জুরি বোর্ড এর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কেটাগরিতে যে সকল ছবি এওয়ার্ড পেয়েছে তার নাম ঘোষণা করেন। রেইনবো চলচ্চিত্র সংসদের চেয়ারপার্সন শামীমা ফেরদৌস নন্দিত তারকা তাসনিয়া ফারিনের হাতে সেরা অভিনেত্রীর পদক ও সার্টিফিকেট তুলে দেন এবং উৎসব পরিচালক মোস্তফা কামাল সূচনা বক্তব্য রাখেন।
মোস্তফা কামাল রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫ বৎসরের পথ চলার ইতিহাস তুলে ধরেন। চলচ্চিত্র উৎসবকে সাফল্যমন্ডিত করতে তাঁর পরিবার ও কমিটির অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পরেন। ২৫ বছর এক নাগাড়ে সফলভাবে ফিল্ম ফেস্টিভ্যাল চালিয়ে যাওয়ার জন্য হল ভর্তি দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে মোস্তফা কামালকে অভিবাদন জানান।






