নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না কেইন উইলিয়ামসন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্যারিয়ার আরও সামনে টেনে নিতে সাদা বলে অধিনায়কত্বের দায়িত্বও ছাড়বেন উইলিয়ামসন। ২০২২ সালের ডিসেম্বরে টেস্ট দলের দায়িত্ব ছাড়েন উইলিয়ামসন।পরিবারকে সময় দিতে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আরও খেলতে আগামী মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামসন। এনজেডসির সংবাদ বিজ্ঞপ্তিতে উইলিয়ামসন বলেছেন, ‘সব সংস্করণে দলকে সামনে এগিয়ে নিতে ও অবদান রাখতে আমি অনেক আগ্রহী। তবে নিউজিল্যান্ডের এই গ্রীষ্মে বাইরের সুযোগগুলো আমি নিতে চাই, এর মানে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি আমি গ্রহণ করতে পারছি না।’






