রমজান মাসে ইফতারে ছোলা খাওয়া হয় বেশি। ব্যবসায়ীরাও মূলত রোজার আগে ছোলা আমদানি করেন। কিন্তু গত রমজানের তুলনায় এবার এই পণ্যের আমদানি কম।
খুচরা বাজারে এখন ভালো মানের ছোলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৫ টাকায়। আর দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গতকাল ছোলা বিক্রি হয়েছে প্রতি কেজি ৭০–৭৫ টাকায়।
আমদানির তথ্য ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঋণপত্র–সংকটে খাদ্যপণ্য আমদানি কয়েক মাস ধরে কমছিল। এ পরিস্থিতিতে জানুয়ারি মাসে রোজার পণ্য আমদানিতে ব্যাংকগুলোকে ঋণপত্র খোলায় নির্দেশনা দেয় সরকার। এ নির্দেশনায় কাজ হয়। ঋণপত্র খুলতে পারেন ব্যবসায়ীরা। তাতে ফেব্রুয়ারি থেকে আমদানি কিছুটা বাড়তে থাকে। কমতে থাকে ঘাটতিও।






