ফুটবলের শিল্পীদের একজন তিনি—আন্দ্রেস ইনিয়েস্তা। একসময় বার্সেলোনায় লিওনেল মেসির সতীর্থ। ২০১০ বিশ্বকাপে স্পেনের প্রথম শিরোপা এসেছিল ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে তাঁর গোল থেকেই। বার্সেলোনা ছেড়েছেন অনেক আগেই, কিন্তু ফুটবল ছাড়েননি ইনিয়েস্তা। দেশ থেকে বহু দূরে, জাপানে বাস তাঁর। খেলছেন জে–লিগের দল ভিসেল কোবে ক্লাবে। স্প্যানিশ ফুটবলের একসময়ের স্বপ্নের সারথি ইনিয়েস্তা খুব করেই চান তাঁর প্রিয় বন্ধু মেসির হাতে বিশ্বকাপ শিরোপা দেখতে।
ইনিয়েস্তার মতে, মেসির বিশ্বকাপটা প্রাপ্য, ‘লিও (মেসি) একজন ফুটবল কিংবদন্তি। আমার মতোই চারটি বিশ্বকাপ খেলেছে। কিন্তু একবারও জিততে পারেনি। ২০১৪ সালে খুব কাছে গিয়েও পারেনি। অবশ্যই এবার সে সর্বস্ব দিয়ে চেষ্টা করবে। তবে বিশ্বকাপ জিততে হলে মাঝেমধ্যে ভাগ্যের সহয়তা চাই। দলের সবার অকুণ্ঠ সমর্থনও দরকার। সবাই ওর হাতে বিশ্বকাপ শিরোপা দেখতে চাইবে। এটা ওর প্রাপ্য।’






