প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে ড্র করেছিল উত্তর বারিধারা। চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ধানমন্ডির মতো বড় দলও তাদের কাছে এসে পয়েন্ট হারিয়েছে। আজ সেই ড্রয়ের বৃত্ত থেকে বের হয়ে এসেছে বারিধারা।
কিন্তু সেই বের হয়ে আসা হার দিয়ে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছে তারা।
এক গোলে পিছিয়ে পড়ে পাল্টা ২ গোল দিয়ে জিতেছে সাইফ। বদলি নেমে ম্যাচের শেষের দিকে জয়সূচক গোলটি করেন সাজ্জাদ হোসেন।
টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরল সাইফ। এই জয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সাইফ। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে বারিধারা।
চলতি মৌসুমে গোলরক্ষক সমস্যায় ভুগছে সাইফ। প্রায় প্রতি ম্যাচেই গোলরক্ষকের ভুলে গোল খেতে দেখা যাচ্ছে তাদের। এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় গোলরক্ষকের পরীক্ষা শেষ।
আজ প্রথমবারের মতো খেলানো হয়েছে তরুণ গোলরক্ষক শান্ত কুমারকে। তেমন পরীক্ষা না দিতে হলেও ম্যাচের শেষের দিকে ভালো একটি সেভ দিয়ে দলকে বাঁচিয়েছেন তিনি।






