অভিনেতা শরিফুলের ইউটিউবে চ্যানেল

অমিতাভ রেজা চৌধুরী নির্মিত একটি বিজ্ঞাপনচিত্রে ‘হু টোল্ড ইউ, অয়েল ইয়োর ওউন মেশিন’ সংলাপটি পরিচিতি এনে দিয়েছিল অভিনেতা শরিফুলকে। ইতিমধ্যে বহু নাটকে অভিনয় করেছে সে। এবার শাকিব খান, বিদ্যা সিনহা মিম, মেহজাবীনদের পথে হাঁটছে ছোট্ট শরিফুল। এই তারকাদের অনুসরণ করে নিজের মতো ভিডিও বানাবে বলে ইউটিউবে চ্যানেল খুলেছে সে।

শরিফুল অভিনীত নাটকগুলো ইউটিউবে দেখা হয় লাখ লাখ বার। অনেক দর্শক মন্তব্য করে নিজেদের মত জানান, প্রশংসা করেন। নিয়মিত সেসব মন্তব্যের জবাব দেওয়ার চেষ্টা করে সে। ভক্তদের সঙ্গে এভাবেই যোগাযোগ গড়ে তুলতে চায় সে। এভাবেই তার মাথায় আসে নিজের ইউটিউব চ্যানেল খোলার পরিকল্পনা। শরিফুল বলে, ‘দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখতে আমার ভালো লাগে। অহন তো অনেক তারকারে দেহি ইউটিউব চ্যানেল খুলতাছে। তাঁরা নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিও দেন। আমারও অনেক ভিডিও দর্শক পছন্দ করে। সেই রহম ভিডিও বানায়ে আমিও ছাড়ব।’ কাদের ইউটিউব চ্যানেল দেখে অনুপ্রাণিত হয়েছ? জানতে চাইলে সে বলে, ‘আমাগো দেশের বড় নায়ক শাকিব খান ভাইয়ের চ্যানেল আছে। নায়িকা বিদ্যা সিনহা মিম আপা, মেহজাবীন আপা, টয়া, সাফা কবির আরও তারকারা চ্যানেল করতাছে। এই জন্য আমিও করলাম। নিজের একটা চ্যানেল করলে তো আর লস নাই, এর লাইগাই নিজেই করছি। কিছু টাকা আয় হলে তো পরিবারের পাশে দাঁড়াতে পারমু।’