৩৬ রানের লজ্জা

অ্যাডিলেড টেস্টে ৩৬ রানে অলআউট হওয়ার পর ভারতীয় দলের ড্রেসিংরুম যেন এখন বিধ্বস্ত এক জনপদ। এই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে ভারত পারবে সিরিজের বাকি তিন টেস্টে ভালো ফল করতে? ব্র্যাড হাডিন মনে করেন না ভারত আর এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারবে।

চার ম্যাচ সিরিজের প্রথমটিতেই ভারত যেভাবে চূর্ণ-বিচূর্ণ হয়েছে অস্ট্রেলিয়ার কাছে, পুরো ক্রিকেট বিশ্বেই গত কদিনে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা কোহলিদের নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপ তো আছেই, সাবেক ক্রিকেটারদের কেউ ধুয়ে দিচ্ছেন, কেউ খোঁচা দেওয়ার মোক্ষম সুযোগটা হাতছাড়া করছেন না। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার হাডিন বলেছেন, ‘আমার মনে হয় না তারা আর এই ধাক্কা সামলে উঠতে পারবে। আমি ভেবেছিলাম অ্যাডিলেডে প্রথম টেস্টটাই (দিবারাত্রির টেস্ট) ছিল তাদের জেতার একমাত্র সুযোগ।’

বিজ্ঞাপন

কেন অ্যাডিলেডে ভারতের জেতার সুযোগ ছিল, ৬৬ টেস্ট খেলা ৪৩ বছর বয়সী সাবেক উইকেটকিপার সেটির ব্যাখ্যায় বলেছেন, ‘ভেবেছিলাম কন্ডিশনটা তাদের বোলিংয়ের জন্য ভালো। তারা ভালো রানও পেয়েছে। তবে ভাবিনি তারা এভাবে উল্টো বিচূর্ণ হবে। সিরিজের একটা টেস্ট (চতুর্থ) আছে ব্রিসবেনে, যেখানে কোনো দল অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। আগামী দুই সপ্তাহে ভারতীয় দলকে ঘুরে দাঁড়াতে হবে। কিন্তু মনে হয় না তারা সেটা পারবে।’

অ্যাডিলেডে ৩৬ রানের লজ্জার পর ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পরবর্তী টেস্টের একাদশ গড়া। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরছেন। অ্যাডিলেডে চোট পেয়ে ছিটকে গেছেন মোহাম্মদ শামি। চোট কাটিয়ে উঠতে না পারায় দলে নেই আরেক অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মাও। ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে যে বোলাররা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের দুজনকে একসঙ্গে না পাওয়াটা ভারতের জন্য বড় ধাক্কাই মনে করেন হাডিন, ‘গতবার তারা দুর্দান্ত বোলিং আক্রমণ নিয়ে অস্ট্রেলিয়া সফরে এসেছিল। এখন শামির খুব ভালো বিকল্পও তাদের হাতে নেই।