সমুদ্র খাতে দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে রংপুর, বরিশাল, সিলেট ও পাবনায় নতুন প্রতিষ্ঠিত চারটি মেরিন একাডেমির নিজস্ব ক্যাম্পাসে ২০২১ সালের জানুয়ারির মাঝামাঝি থেকে একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। চারটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা প্রকল্পের পরিচালক রফিক আহমেদ সিদ্দিক বাসসের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেরিন একাডেমি চালু করবেন বলে আশা করা হচ্ছে।
রফিক আহমেদ সিদ্দিক বলেন, বাংলাদেশের সমুদ্রভ্রমণের বিষয়ে দীর্ঘ ঐতিহ্য এবং নাবিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রাথমিক জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে। বিশ্বব্যাপী শিপিং শিল্প এবং এর সমুদ্র পরিবহনের চাহিদার প্রতি অধিকতর মনোযোগী হয়ে দেশে চারটি মেরিন একাডেমি অতি সম্প্রতি নির্মিত হয়েছে। এখন এগুলোয় সামুদ্রিক প্রশিক্ষণে ব্যবহারের জন্য সবকিছু প্রস্তুত রয়েছে।






