বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা হবে।
আজ বুধবার (২৫ নভেম্বর) বার কাউন্সিল সচিব মো. রফিকুল ইসলাম (সিনিয়র জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত এ জরুরি নোটিশে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের মহামারির কারণে আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত এ পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
বাংলাদেশ বার কাউন্সিল এ পরীক্ষা নিয়ে থাকে। পরীক্ষা স্থগিতের এ কথা জানিয়ে এক বিজ্ঞপ্তিতে বার কাউন্সিল বলেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৩ সেপ্টেম্বর এক চিঠিতে উল্লেখ করেছে, বর্তমান করোনাকালীন পরিস্থিতির কারণে এবং বিভিন্ন কেন্দ্র শেষ মুহূর্তে পরীক্ষা গ্রহণে অসম্মতি প্রকাশ করায় পরীক্ষাটি গ্রহণ করা সম্ভব হচ্ছে না।
পরিস্থিতি স্বাভাবিক হলে স্বল্প সময়ের নোটিশে পরীক্ষাটি পরবর্তী সময়ে গ্রহণ করা হবে।






