হার্ট অ্যাটাক করে ‘রূপবান’ নায়িকা সিসিইউতে

‘রূপবান’খ্যাত অভিনেত্রী সুজাতা আজ বুধবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। হঠাৎ করেই তাঁর বুকে ব্যথা শুরু হয়। একসময় ব্যথা বাড়তে থাকলে সঙ্গে সঙ্গে তাঁকে রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। এসব তথ্য জানালেন সুজাতার নাতি ফারদিন আজিম।

সকাল সাতটার দিকে এই অভিনেত্রীর বুকে ব্যথা শুরু হয়। এটা স্বাভাবিক মনে করায় তিনি বাসায়ই প্রাথমিক চিকিৎসা নেন। ফারদিন আজিম চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, চিকিৎসকেরা দাদির শারীরিক অবস্থা বিবেচনা করে সিসিইউতে রেখেছেন। সেখানে তাঁকে দুই দিন পর্যবেক্ষণে রেখে তাঁর কিছু শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করা হবে। হার্টের গুরুতর কোনো সমস্যা আছে কি না, সেটা পর্যবেক্ষণ করে তাঁর পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেবেন।