ফেসবুক নিয়ে যন্ত্রণায় আছেন টেলিভিশনের তরুণ তারকা তাসনিয়া ফারিণ। প্রতিদিনই তাঁর নামে তৈরি হচ্ছে একের পর এক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট। সেখানেই থেমে নেই ভুয়া অ্যাকাউন্টধারীরা। সম্প্রতি এই অভিনেত্রীর নামে তৈরি একটি ভুয়া অ্যাকাউন্ট ভেরিফাইডের জন্য আবেদনও করা হয়েছে!
গত বছর থেকে হঠাৎ বদলে যায় তাসনিয়া ফারিণের ক্যারিয়ার। পর্দায় উপস্থিতি বাড়ার পাশাপাশি ফেসবুকে তাঁর নামে তৈরি হতে থাকে একের পর এক ভুয়া অ্যাকাউন্ট ও ফ্যান পেজ। সেসব পেজ ও অ্যাকাউন্ট থেকে নিয়মিত ফারিণের কাজের প্রচারণাও চালানো হচ্ছে। এ নিয়ে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে ফারিণকে। এই অভিনেত্রী বলেন, ‘গত বছর রোজার ঈদের পর আমার বেশ কিছু নাটক দর্শকের ভালো লাগে। সেই থেকে আমার ফেসবুক পেজ এবং আইডিতে ফ্রেন্ড এবং ফলোয়ার বাড়তে থাকে। তখন আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়। পরে ফ্যান পেজটিও বেহাত হয়ে যায়, যেটা এখনো আমি ফিরে পাইনি। এদিকে আমি কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় ফেসবুকে অনিয়মিত হয়ে পড়ি। এই সুযোগে একটা গ্রুপ আমার নামে একাধিক আইডি খুলে ব্যবহার করছে। দিন দিন ফেসবুকে আমাকে নিয়ে মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে।’






