খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধক্ষমতা রক্ষা করে

খাদ্যের কাজগুলোর মধ্যে একটা কাজ হলো শরীরের রোগ প্রতিরোধক্ষমতা রক্ষা করা। খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ফলে তা বহিরাগত শত্রুর বিরুদ্ধে কাজ করে শরীরকে সুস্থ রাখে। করোনা মহামারিতে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর বিষয়টি খুব গুরুত্ব পেয়েছে। বর্তমান সময়ে অনেকেই করোনায় আক্রান্ত হয়ে সেরে উঠেছেন, অনেকে বর্তমানে আক্রান্ত; আবার এখনো পর্যন্ত আক্রান্ত হননি, এমন মানুষও রয়েছেন। প্রত্যেকের জন্য শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী রাখা খুব জরুরি ও গুরুত্বপূর্ণ।

এই সময়ে রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখার পরামর্শ সবাইকে দেওয়া হয়। শুধু করোনাভাইরাস প্রতিরোধে নয়, যেকোনো রোগের বিরুদ্ধে শরীরকে ফিট রাখতে সঠিক পুষ্টি অনেক জরুরি। সুষম খাবার এই গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে। মনে রাখবেন, ভুল ডায়েট, অপরিমিত খাবার, অতিরিক্ত খাদ্য নিয়ন্ত্রণ, সঠিক সময়ে না খাওয়া, পুষ্টিকর খাবার না খাওয়া, অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়া, ব্যায়াম না করা, অপরিমিত ঘুম ইত্যাদি কারণে রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। ইন্টারনেট দেখে একটি–দুটি ভালো খাবার, সাপ্লিমেন্ট খাওয়া, ডি টক্স ওটার খাওয়া—এগুলো করে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যায় না। সব খাবারের মধ্যেই রয়েছে নানা গুণ। বিজ্ঞানমতে, বিভিন্ন ধরনের খাবার নির্দিষ্ট পরিমাণে বয়স, উচ্চতা, ওজন ও রোগভেদে খেলে মানুষ সুস্থ থাকে।