জাতীয় নির্বাচনের আগে আসন্ন অর্থবছরেই হাজারখানেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করবে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, এ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজও শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রায় আট বছর বন্ধ থাকার পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এমপিওভুক্তির নতুন নীতিমালা হয়ে গেছে। এখন এর আলোকে শিগগিরই অনলাইনে এমপিও-প্রত্যাশিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে। এ জন্য একটি সফটওয়্যার তৈরি হচ্ছে। আবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই-বাছাই করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (মাধ্যমিক) নেতৃত্বে একটি কমিটির খসড়াও প্রস্তুত করা হয়েছে।
যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতন-ভাতা বাবদ সরকারি অংশ (শতভাগ মূল বেতন ও কিছু ভাতা) দেওয়া হয়, সেগুলোকে এমপিওভুক্ত বলা হয়। আর যেগুলো এমপিওভুক্ত নয়, সেগুলোর শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে কোনো আর্থিক সুবিধা পান না।






